বেটিং অ্যাপ কাণ্ডে ইডির মুখোমুখি নিধি আগরওয়াল!
বার্তা ডেস্কঃ
বেটিং অ্যাপ প্রচার মামলায় বুধবার হায়দরাবাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতরে হাজিরা দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নিধি আগরওয়াল। কঠোর পুলিশি নিরাপত্তায় তাঁর ইডি কার্যালয়ে প্রবেশের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগে গত কয়েক মাস ধরে এই একই অভিযোগে হায়দরাবাদ সিআইডির জেরার মুখোমুখিও হয়েছিলেন এই অভিনেত্রী। অবৈধ জুয়ার অ্যাপ প্রচারের মাধ্যমে আইন ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কঠোর তদন্ত প্রক্রিয়া চলছে।
শুধু নিধি একা নন, এই চাঞ্চল্যকর মামলায় রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ এবং বিজয় দেবেরাকোন্ডার মতো একুশ জন হেভিওয়েট সেলিব্রিটি ও বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট লঙ্ঘন করে মোটা টাকার বিনিময়ে তাঁরা এই জুয়ার অ্যাপের প্রচার চালিয়েছেন বলে অভিযোগ। সেলিব্রেটিদের এই অন্ধ প্রচার তরুণ প্রজন্মকে সর্বনাশা জুয়ায় প্ররোচিত করছে। এদিকে, এই ধরনের বেটিং অ্যাপগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সম্প্রতি নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ আদালতও।