চা-বাগানের জমি বিক্রি নিয়ে তোলপাড়, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
রাজ্যের চা-বাগানের জমি লিজহোল্ড থেকে ফ্রি-হোল্ড করার সিদ্ধান্ত ঘিরে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। মঙ্গলবার নব মহাকরণে সরকারের ১০১ দিনের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি জানান, বিগত সরকারের আমলে চা-বাগানের জমির ১৫ শতাংশ ফ্রি-হোল্ড করার সিদ্ধান্ত বাড়িয়ে হঠাৎ করেই ৩০ শতাংশ করা হয়েছিল। মন্ত্রীর সরাসরি অভিযোগ, এই বিতর্কিত নীতির সুযোগ নিয়েই বিপুল পরিমাণ অতিরিক্ত জমি যথেচ্ছভাবে বিক্রি করা হয়েছে, যার নেপথ্যে গভীর অনিয়ম থাকতে পারে।
ফ্রি-হোল্ডের নামে কীভাবে এবং কার বা কাদের ইন্ধনে এই অতিরিক্ত জমি হাতবদল হলো, তার নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেছেন পর্যটনমন্ত্রী। তিনি আরও জানান, এই চাঞ্চল্যকর বিষয়টির বিস্তারিত জানিয়ে মুখ্যমন্ত্রী কর্তৃক গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের মেম্বার সেক্রেটারি জয়রামনকে খুব শীঘ্রই লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হবে। চা-শিল্পের স্বার্থ রক্ষার্থে এবং জমির সঠিক হিসাব প্রকাশ্যে আনতে রাজ্য সরকার এই বিষয়ে কোনো ছাড় দেবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।