লাউডস্পিকার বিতর্কে বড় জয়, স্বস্তিতে মসজিদ কমিটিগুলো!
বার্তা ডেস্কঃ
মসজিদ থেকে জোরপূর্বক মাইক বা লাউডস্পিকার খুলে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ‘এক্স’ (টুইটার) হ্যান্ডলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর একটি নিকৃষ্ট প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আদালতের এই রায় নাগরিকদের মৌলিক অধিকার, শান্তি ও আশার বার্তা বহন করে।
সম্প্রতি অভিযোগ উঠেছিল যে, পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন মসজিদ কমিটিকে মৌখিকভাবে মাইক খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোথাও কোথাও পুলিশ নিজেরাই তা সরিয়ে দেয়। এই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলে ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিৎ নাথ মিত্রের কাছে ব্যাখ্যা চান। আদালতে এজি জানান, পুলিশ প্রশাসন এমন কোনো লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশ দেয়নি, এটি কেবল একটি মৌখিক বার্তা ছিল।
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করেন যে, সংবাদপত্রের প্রতিবেদন ও পুলিশের মৌখিক নির্দেশের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যে হাজার হাজার মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই সরাসরি মামলার অংশ হয়নি। ফলে জনস্বার্থ মামলা হিসেবে এটি বজায় রাখা সম্ভব নয় জানিয়ে বেঞ্চ মামলাটি খারিজ করে দেন।
রায়ের পর মসজিদের পক্ষে সওয়াল করা তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এখন থেকে নির্ধারিত শব্দসীমা বজায় রেখে মসজিদে মাইকে আজান বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাবে এবং যেসব স্থান থেকে মাইক খোলা হয়েছিল, তারা পুনরায় তা স্থাপন করতে পারবে।