দুর্নীতি দমন ও নারী সুরক্ষায় নবান্নের বড় চমক, নতুন ১৪৫ পদ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। তদন্ত প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে ‘কমিশন অন ইনস্টিটিউশনাল করাপশন’-কে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রশাসনিক তদন্তের পরিকাঠামো জোরদার করতে দুর্নীতি দমন কমিশনের জন্য ৭৭টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা এবং নারী নির্যাতন সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘পশ্চিমবঙ্গ রাজ্য নারী নির্যাতন প্রতিরোধ কমিশন’-এর পরিকাঠামো বাড়াতে আরও ৬৮টি নতুন পদ তৈরির প্রস্তাব পাস হয়েছে। অর্থাৎ, দুই গুরুত্বপূর্ণ কমিশন মিলিয়ে মোট ১৪৫টি নতুন পদ তৈরি করতে চলেছে রাজ্য প্রশাসন।

এছাড়া বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে তারাপীঠ এবং কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট দমকল মন্ত্রীর কাছ থেকে তলব করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনেক হোটেল ফায়ার সেফটি বিধি ও প্রশাসনিক অনুমতি না মেনেই পরিচালনা করা হচ্ছিল।

এই বিষয়ে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে যে, অনৈতিক কাজের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। উল্লেখিত এনওসি (NOC) বা ছাড়পত্রগুলি মূলত পূর্ববর্তী সরকারের আমলের বলে উল্লেখ করা হয়। ঘটনাগুলির তদন্তে ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মির্জা গালিব স্ট্রিট এলাকার অন্যান্য হোটেলগুলিতে বাধ্যতামূলক ফায়ার অডিট (Fire Audit) করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *