আইফোন আর বাইকের লোভে দাদুকে নৃশংস খুন, কাঠগড়ায় ১৩ বছরের নাতনি!
বার্তা ডেস্কঃ
নিজের জন্য একটি আইফোন এবং প্রেমিকের জন্য বাইক কেনার উদ্দেশ্যে ৬৭ বছর বয়সী দাদু শিবনকুট্টিকে নৃশংসভাবে খুন করানোর অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কেরালার আলাপ্পুঝা জেলার কারুভাট্টা এলাকায়। খুনের পর বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা লুট করে অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরী ও তার তিন নাবালক বন্ধুকে হেফাজতে নিয়ে অবজারভেশন হোমে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, শিবনকুট্টির ছোট মেয়ে সন্তানসম্ভবা হওয়ায় স্ত্রী ও তিনি হাসপাতালে অবস্থান করছিলেন। সেই সুযোগে বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ শিবনকুট্টি। কিশোরী তার তিন নাবালক বন্ধুকে ভিডিও কলের মাধ্যমে বাড়ির রাস্তা দেখায়। দুষ্কৃতীরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢোকে। এরপর শিবনকুট্টির হাত-পা বেঁধে, মুখে কাপড় গুঁজে দেওয়ালে মাথা ঠুকে এবং শেষে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়।
পরদিন সকালে নাতনি নিজেই প্রতিবেশীদের জানায় যে তার দাদু দরজা খুলছেন না। স্থানীয়রা দরজা ভেঙে রক্তসংক্রান্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ডাকাত দলের কাজ মনে হলেও ফোনের কল রেকর্ড খতিয়ে দেখে মূল রহস্য ভেদ করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধ ও একাধিক আঘাতের চিহ্ন নিশ্চিত করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, দাদুর প্রতি ক্ষোভ, আইফোন ও বাইকের চাহিদা ছাড়াও দাদুর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ এনেছে কিশোরী। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।