মদনের পর নীতীশ! সিএবি-তে ফের বয়স ভাঁড়ানোর বিস্ফোরক অভিযোগ!
বার্তা ডেস্কঃ
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাসের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগে আদালতের প্রাথমিক তদন্তের নির্দেশ সিএবি-তে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থার প্রাক্তন যুগ্ম সচিব সুদর্শন মেহতা অভিযোগ জানান যে, জুনিয়র পর্যায়ে খেলার সময় মিঠুন দুটি ভিন্ন জন্মতারিখ (স্কুল নথি অনুযায়ী ৯ ডিসেম্বর ১৯৭৭ এবং দিল্লি ক্রিকেট সংস্থার ওয়েবসাইটে ১২ অক্টোবর ১৯৭৯) ব্যবহার করেছিলেন। আদালতের নির্দেশে পুলিশকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে সিএবি-র ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্তের বয়স বিতর্ক আবার সামনে এসেছে। পূর্বে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআইআর তালিকায় তাঁর বয়স ৭০ উল্লেখ করা থাকলেও প্যান কার্ড অনুযায়ী জন্মসাল ১৯৫৭ (বয়স ৬৯)। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, বয়স ৭০ বছর পূর্ণ হলে তিনি আর পদে বহাল থাকতে পারেন না, যেমনটা ঘটেছে প্রাক্তন যুগ্ম সচিব মদন ঘোষের ক্ষেত্রে। ময়দানের ক্রীড়ামহল ও সিএবি-র একাংশের মতে, বোর্ড সভাপতির বিরুদ্ধে যদি বয়সের নথিতে গরমিলের জন্য তদন্ত হতে পারে, তবে সিএবি ভাইস প্রেসিডেন্টের প্রকৃত বয়স নির্ধারণেও কেন তদন্ত করা হবে না।