রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে এল ধামাকাদার সুখবর!
বার্তা ডেস্কঃ
বলিউড সুপারস্টার রণবীর কাপুরের ঝুলিতে এখন একের পর এক মেগা প্রজেক্ট। নীতীশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর শুটিং এবং প্রচার পর্বের মাঝেই এবার তাঁর ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় পর্ব নিয়ে বড় আপডেট সামনে এসেছে। বলিপাড়ার খবর অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ‘রামায়ণ পার্ট ২’-এর শুটিং সম্পন্ন করেই পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু করবেন রণবীর। প্রথম পর্বের সফলতার পর এই নতুন পর্বে রণবীরকে দ্বৈত চরিত্র ‘শিব’ এবং ‘দেব’-এর ভূমিকায় দেখা যাবে। পাশাপাশি, ইশা চরিত্রে আবারও ফিরছেন আলিয়া ভাট, যা তাঁদের ভক্তদের জন্য এক দারুণ সুখবর।
সবচেয়ে বড় চমক হতে চলেছে ছবিতে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের সম্ভাব্য অন্তর্ভুক্তি। অয়ন মুখার্জি ও তাঁর টিম নতুন যোগ হওয়া শক্তিশালী চরিত্র ‘অমৃতা’-র জন্য দীপিকাকে বেছে নিয়েছেন এবং তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে, ৪০০০ কোটি টাকার বাজেটে নির্মিত ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর ছাড়াও অভিনয় করছেন সাই পল্লবী, রবি দুবে এবং যশ। এছাড়া সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে রণবীরকে।