নিম্নচাপ সরতেই বদল আবহাওয়ায়, আজ কি ভিজবে কলকাতা!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঝাড়খণ্ড ও বিহারের দিকে সরে যাওয়ায় টানা বৃষ্টির পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তিলোত্তমা। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা কমলেও পুরোপুরি রেহাই মিলছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ বজায় থাকবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দুপুর বা বিকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদীয়ায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির চরম সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণ চলতে পারে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হলেও উত্তরবঙ্গে এখনই বর্ষার প্রকোপ কমার লক্ষ্মণ নেই। ফলে তিলোত্তমাবাসীকে বাইরে বেরোনোর সময় সতর্কতার খাতিরে ছাতা সাথে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।