রেল স্টেশনের জলে বিষের ছোঁয়া, সামান্য চুমুকেই ডেকে আনছেন মারাত্মক প্রাণঘাতী রোগ!
বার্তা ডেস্কঃ
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)-এর সাম্প্রতিক রিপোর্টে দেশজুড়ে রেল স্টেশনের পানীয় জলের মান নিয়ে চরম উদ্বেগের চিত্র সামনে এসেছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, একাধিক স্টেশনের ওয়াটার কুলারে কিলবিল করছে প্রাণঘাতী ‘ই কোলাই’ ব্যাক্টেরিয়া। চিকিৎসকদের মতে, এই ব্যাক্টেরিয়ার উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে সরবরাহ করা জল পরিশোধিত নয় এবং কোনোভাবে মানুষের মলমূত্রের সংস্পর্শে এসেছে। অপরিষ্কার এই অশোধিত জল পান করলে নিমেষেই শরীরে মারাত্মক বিষক্রিয়া ঘটতে পারে, যা পরবর্তীতে পাকস্থলী ও লিভারের চিরস্থায়ী ক্ষতি করে জন্ডিস, টাইফয়েড ও কলেরার মতো ব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
এই দূষিত জল পান করলে ‘হেমারেজিক কোলাইটিস’-এর মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে, যার ফলে পেটে অসহ্য যন্ত্রণা, বমি, ডায়ারিয়া ও রক্ত আমাশয়ের মতো উপসর্গ দেখা যায়। শুধু তাই নয়, ই কোলাই ব্যাক্টেরিয়ার নিঃসৃত টক্সিন সরাসরি কিডনিতে আঘাত হানে। এর ফলে মূত্রনালির মারাত্মক সংক্রমণসহ ‘হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম’-এর মতো প্রাণঘাতী রোগের আশঙ্কা তৈরি হয়। রেল স্টেশনের ওয়াটার কুলার থেকে নিঃশব্দে ছড়িয়ে পড়া এই বিষাক্ত জল যে সাধারণ যাত্রীদের জীবনকে এক চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে, ক্যাগের রিপোর্ট সেই সত্যই স্পষ্ট করে দিল।