যাদবপুর কাণ্ড: হাইকোর্টের নির্দেশে মিলল না স্বস্তি, ফের আইনি লড়াইয়ের পথে সব পক্ষ!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তবে সেই আবেদনের গুরুত্ব বিচার করে এখনই দ্রুত শুনানিতে সম্মতি জানায়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতে আগে থেকেই যাদবপুর সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায়, নতুন এই ঘটনাটিকে সেই মামলার সঙ্গেই যুক্ত করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, পুরোনো মামলার সঙ্গে না জুড়ে এই ঘটনার জন্য সম্পূর্ণ আলাদাভাবে নতুন মামলা দায়ের করতে হবে। নিয়ম মেনে পৃথক মামলা হলে তবেই আদালত তা বিচারে গ্রহণ করবে।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে, যখন ‘ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন’ (FETSU)-এর সাধারণ সভাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং এসএফআই (SFI) সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকা চরম উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষই পাল্টা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও দুই পক্ষের মিছিলই পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। এবিভিপি সমর্থকেরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখালে যান চলাচল ব্যাহত হয় এবং স্কুলবাস আটকে পড়ে। অন্যদিকে, এসএফআই-এর মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত সিপিএম নেত্রী দীপ্সিতা ধর অভিযোগ করেন, মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও তাঁর ওপর হাত তোলা হয়েছে। একই সঙ্গে এবিভিপি-র বিরুদ্ধে ৪ নম্বর গেট টপকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করার অভিযোগ ওঠে। এই উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষায় আদালতের জরুরি হস্তক্ষেপ চাওয়া হলেও হাইকোর্ট আপাতত পৃথক মামলা করারই নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *