শিলিগুড়িতে অমিত শাহ, পাহাড় সমস্যার সমাধানে কি মিলবে নতুন দিশা?

বার্তা ডেস্কঃ

দুই দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং বিশাল ল্যামা। শাহের এই সফরের মূল লক্ষ্য সীমান্ত নিরাপত্তা এবং পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যা নিয়ে আলোচনা করা।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সুকনার একটি হোটেলে অবস্থান করার পর শুক্রবার সকালে তিনি সশস্ত্র সীমা বল (SSB)-এর একটি শিবিরে যাবেন। সেখানে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন্‌স নেক’-এর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন শাহ, যেখানে BSF-এর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এরপর তিনি শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-র সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীটি ২৬ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে সাধারণ মানুষকে আইপিসি (IPC)-র বদলে চালু হওয়া বিএনএস (BNS)-এর নতুন ধারা ও আইন সম্পর্কে তথ্য দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

শুক্রবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের পর শনিবার তিনি পাহাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে দুটি পৃথক বৈঠকে বসবেন। বৈঠক পর্ব শেষে শনিবারই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *