ব্যাঙ্ক নিরাপত্তায় বড়সড় রদবদল, লালবাজারের নয়া নির্দেশে কী বদলাচ্ছে শহরে?

বার্তা ডেস্কঃ

কলকাতার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি করল লালবাজার। এতদিন ব্যাঙ্কের বাইরে টহলদারির দায়িত্বে ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখা। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী, এবার থেকে এই গুরুদায়িত্ব সামলাবে স্থানীয় থানাগুলি। ব্যাঙ্ক খোলা, বন্ধ হওয়া এবং কাজের সময়ে নিয়মিত টহল দেবেন পুলিশকর্মীরা। শুধু তাই নয়, ব্যাঙ্কের নিজস্ব নিরাপত্তারক্ষী, সিসিটিভি ক্যামেরা ও অ্যালার্ম ঠিকমতো কাজ করছে কি না, তা-ও নিয়মিত যাচাই করে দেখবেন তাঁরা। সন্দেহভাজন কারও আনাগোনা বা গতিবিধি লক্ষ করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

অন্যদিকে, ডাকাতদমন শাখা এখন থেকে মূলত অপরাধীদের শনাক্তকরণ, গোপন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলিতে নজর দেবে। পাশাপাশি, তারা স্থানীয় থানাগুলিকেও নিয়মিত তথ্য দিয়ে সাহায্য করবে। উৎসবের মরশুম বা ব্যাঙ্কে বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে আগে থেকে খবর থাকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ব্যাঙ্কগুলির এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো মানা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করবেন সহকারী বা ডেপুটি পুলিশ কমিশনাররা। লালবাজার জানিয়েছে, সংশোধিত এই নতুন নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *