দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার, অস্বস্তিতে তৃণমূল সাংসদ!
August 21, 2026
বার্তা ডেস্কঃ
ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় তারকা সাংসদ দেবের আপ্তসহায়ক রামপদ মান্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছেয়ে গেছে একাধিক হোর্ডিং ও পোস্টার। ৩০ শতাংশ কাটমানি নেওয়া, প্রোমোটার রাজ এবং শিশু মেলার টাকা তছরুপের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারগুলিতে। হোর্ডিংয়ে দেবের ছবি থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে।
এই ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দুর্নীতির পাশাপাশি বন্যা পরিস্থিতিতে সাংসদের এলাকায় দেখা মিলছে না। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সাংসদ দেব কিংবা তাঁর আপ্তসহায়ক রামপদ মান্নার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা নিয়ে প্রশাসনিক মহলে ও স্থানীয় রাজনীতিতে তীব্র তরজা শুরু হয়েছে।