ব্যাঙ্কের নিরাপত্তায় বড় বদল, থানাগুলোর ওপর নতুন দায়িত্ব!
বার্তা ডেস্কঃ
কলকাতার ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল লালবাজার। এতদিন ধরে মহানগরীর ব্যাঙ্কগুলিতে টহলদারির যে মূল দায়িত্ব লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে ছিল, তা এবার সরাসরি স্থানীয় থানাগুলির উপর ন্যস্ত করা হয়েছে। সম্প্রতি জারি করা এই নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলির পুলিশকর্মীরা এখন থেকে নিয়মিতভাবে শহরের প্রতিটি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে টহল দেবেন এবং সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখবেন।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কের খোলার ও বন্ধের সময় তো বটেই, কর্মব্যস্ত সময়েও পুলিশকে কড়া নজর রাখতে হবে। ব্যাঙ্কের নিজস্ব সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম এবং নিরাপত্তারক্ষীদের তৎপরতা নিয়মিত যাচাই করবেন পুলিশকর্মীরা। পাশাপাশি, ব্যাঙ্কের আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি দেখলেই তল্লাশি ও নজরদারি বাড়াতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলে তা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যদিকে, গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখা অপরাধীদের তথ্য বিশ্লেষণ এবং থানাগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সমগ্র এই নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন সংশ্লিষ্ট এলাকার ডেপুটি বা সহকারী কমিশনাররা।