ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা, হাতছাড়া করবেন না এই দারুণ সুযোগ!
বার্তা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো এবং রিলস তৈরি করা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় আর্থিক সুবিধার সুযোগ নিয়ে এলো বিহার সরকার। সম্প্রতি ‘বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬’-এ সংশোধন এনে সরকারি প্রকল্প ও কর্মসূচি সংক্রান্ত কনটেন্ট নির্মাতাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট। এই নতুন ব্যবস্থার আওতায় নিবন্ধিত ক্রিয়েটরদের তৈরি কোনো নির্দিষ্ট ভিডিয়ো ৩০ দিনের মধ্যে এক লক্ষ ভিউ পেলে অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়া হবে। ভিডিয়োর ভিউ বৃদ্ধির ভিত্তিতে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ থাকবে।
প্রচলিত বিজ্ঞাপনের বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের মূল উদ্দেশ্য। তবে এই সুবিধা পাওয়ার জন্য ক্রিয়েটরদের তথ্য ও জনসংযোগ দফতরের নির্দিষ্ট শর্ত পূরণ করে সরকারিভাবে নথিভুক্ত হতে হবে। কর্তৃপক্ষের তরফ থেকে পেজ ও চ্যানেলের ফলোয়ার সংক্রান্ত কার্যকলাপ নিয়মিত যাচাই করা হবে। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাওয়া কনটেন্ট ক্রিয়েশনকে উৎসাহিত করতে রাজ্য সরকারের এই ঐতিহাসিক উদ্যোগ একদিকে সরকারি প্রচার বাড়াবে, অন্যদিকে ক্রিয়েটরদের জন্য উপার্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে।