স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগী ফেরানো চলবে না, হাসপাতালের জন্য কড়া নির্দেশ!

বার্তা ডেস্কঃ

রাজ্যের হাসপাতালগুলিতে রোগী ভর্তি এবং স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা (SOP) জারি করল স্বাস্থ্যদপ্তর। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA)-এর ডেটাবেসে নাম থাকা সত্ত্বেও যাঁদের এখনও আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়নি বা ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া চলছে, তাঁদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না।

নতুন নিয়মাবলী:

  • ভর্তির নিয়ম: স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া রোগী এলে প্রথমেই দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের যোগ্য কি না। কার্ড তৈরি থাকলে আয়ুষ্মানের অধীনে চিকিৎসা শুরু হবে। যোগ্য না হলে স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা মিলবে।
  • ই-কেওয়াইসি ও টেকনিক্যাল সমস্যা: ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকলে হাসপাতাল এনএইচএ (NHA) পোর্টালের মাধ্যমে তা ভেরিফাই করবে। আয়ুষ্মান পোর্টালে সমস্যা হলে ‘ফেসিং ইস্যু’ অপশনে তথ্য ও স্ক্রিনশট আপলোড করে ‘প্রসিড টু স্বাস্থ্যসাথী’ বিকল্প বেছে নেওয়া যাবে।
  • ফর্ম পূরণ: রোগী স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান—কোনো তালিকাতেই না থাকলে তাঁকে সরাসরি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আবেদনপত্র দেওয়া হবে।
  • পরিচয় যাচাই: রোগী আসামাত্রই পোর্টালে আধার নম্বর বা নির্দিষ্ট পরিচয়পত্রের মাধ্যমে স্ট্যাটাস পরীক্ষা করা হবে।

রাজ্যে বর্তমানে প্রায় ৮.৫ কোটি মানুষ স্বাস্থ্যসাথী এবং ৩.৪ কোটি মানুষ আয়ুষ্মান ভারতে নথিভুক্ত। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিংহোম জানিয়েছে, এই স্পষ্ট নির্দেশিকার ফলে সাধারণ মানুষের দ্বিধা এবং হাসপাতালের বিভ্রান্তি দূর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *