শিলিগুড়িতে অমিত শাহের কড়া বার্তা, চিকেন নেকের নিরাপত্তায় এবার হাই-টেক নজরদারি!
বার্তা ডেস্কঃ
দেশের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী অত্যন্ত সংবেদনশীল ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে দুই দিনের সফরে শিলিগুড়ি পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন সীমান্ত-সংলগ্ন প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রুটের সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাহিনীর সমন্বয় বাড়ানোই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
সফরের প্রথম দিনে তিনি সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর সীমান্ত সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তিনি জওয়ানদের সঙ্গে ‘বারা খানা’য় অংশ নেন এবং মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় দিনে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ড্রোন, সেন্সর ও ডেটা-ভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, নতুন তিনটি ফৌজদারি আইন (BNS, BNSS, BSA) সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কাওয়াখালি মাঠে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।