সম্পত্তির লোভে বাবাকে খুন, মায়ের সাক্ষ্যে যাবজ্জীবন পেল ছেলে ও বৌমা!
বার্তা ডেস্কঃ
সম্পত্তির লোভে স্ত্রীর প্ররোচনায় নিজের বাবাকে নৃশংসভাবে খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন ছেলে ও তার স্ত্রী। ঘটনাটি ঘটেছিল তিন বছর আগে, ২০২৩ সালের ৬ জুলাই তারকেশ্বর থানার গৌরবাটি গ্রামে। সত্তরোর্ধ্ব আদিত্য কোলে যখন রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন, তখন পরিকল্পনা মাফিক তাঁর ওপর চড়াও হয় পুত্র অমিত কোলে। মায়ের সাক্ষ্য অনুযায়ী, হাতে দস্তানা পরে বাবার বুকের উপর চেপে বসে গলা টিপে হত্যা করা হয় তাঁকে, যে কাজে পুরোপুরি প্ররোচনা জুগিয়েছিল পুত্রবধূ পুজা কোলে।
ঘটনার রাতে পাশের ঘর থেকে কান্নার শব্দ পেয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে গৃহকর্ত্রী সাবিত্রী দেবীর ঘরের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। পরে নাতির সহায়তায় ঘর থেকে বেরিয়ে তিনি এই ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং প্রাণ বাঁচাতে অন্ধকারের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে দেওরের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চন্দননগর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মানবেন্দ্র মোহন সরকার অভিযুক্তদের বিরুদ্ধে এই কঠোর সাজা ঘোষণা করেন।