বিদেশযাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! চরম বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বার্তা ডেস্কঃ
চোখের চিকিৎসার জন্য আগামী সপ্তাহে পরিবারসহ বিদেশে যাওয়ার কথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে যাত্রার ঠিক আগেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রেডিট-ডেবিট কার্ড হঠাৎ ব্লক করা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। কোনো সঠিক কারণ ছাড়া অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদের আইনি দল।
বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত। কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ ও নিরাপত্তার অজুহাত দেখালেও, প্রাথমিক নোটিশে কেন তার উল্লেখ ছিল না—তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। পাশাপাশি অনলাইনে কেওয়াইসি (KYC) করার সুবিধা থাকা সত্ত্বেও কেন সাংসদকে সশরীরে ব্যাঙ্কে ডাকার চেষ্টা করা হচ্ছে, তা নিয়েও আদালত অসন্তোষ প্রকাশ করে।
অবশেষে শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেয় যে, ব্যাঙ্কের আধিকারিকদের নির্দিষ্ট সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে হবে এবং সাংসদকেও বাড়িতে উপস্থিত থেকে নথিতে স্বাক্ষর করতে হবে। আদালতের এই হস্তক্ষেপে বিদেশযাত্রার আগেই ব্যাঙ্ক জট কাটার সম্ভাবনা দেখা দিয়েছে।