লাক্সের ৬০০ কোটি টাকার কারখানায় দুর্নীতির অভিযোগ, নথিসহ বিস্ফোরক জবাব রাজ্যের!

বার্তা ডেস্কঃ

ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত ৬০০ কোটি টাকার কারখানা নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের তোলা জল্পনার জবাব দিল রাজ্য সরকার। শিল্পসচিব বন্দনা যাদব আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছেন যে, ১১.০৬ একর নির্ধারিত জমিতেই কারখানাটি গড়ে উঠবে এবং জমির চরিত্র পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হোসিয়ারি শিল্প পরিবেশগত বিচারে ‘হোয়াইট ক্যাটাগরি’-র আওতায় থাকায় উৎপাদন শুরুর আগে পর্ষদের প্রয়োজনীয় অনুমোদন পেলেই চলবে। সরকারের এই স্পষ্ট বার্তার পর ডানকুনি প্রকল্পের অবস্থান পরিষ্কার হওয়ার পাশাপাশি কুণাল ঘোষের দেওয়া তথ্য অসত্য দাবি করে তাঁকে মানহানির নোটিশ পাঠিয়েছে লাক্স কোজি কর্তৃপক্ষ।

সংস্থার কর্ণধার অশোক টোডি জানান, গত ৫০ বছর ধরে রাজ্যে ব্যবসা করা লাক্স কোজি এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩০ মাসের মধ্যে উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নিয়েছে। কারখানা ছাড়াও সংলগ্ন ৩.৩ একর জমিতে ওয়্যারহাউস, পার্কিং এবং শ্রমিকদের আবাসনসহ আনুষঙ্গিক পরিকাঠামো তৈরি করা হবে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত সরকারি কাগজপত্র এবং অনুমোদন তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। সব জটিলতা কাটিয়ে ডানকুনিতে পরিকল্পিতভাবেই কারখানা নির্মাণের কাজ এগিয়ে চলছে বলে নিশ্চিত করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *