অন্নপূর্ণা যোজনায় তৃণমূলের কারসাজি, বিস্ফোরক অগ্নিমিত্রা!

বার্তা ডেস্কঃ

অন্নপূর্ণা যোজনায় আর্থিক সাহায্য না পেয়ে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের মাঝেই বড় ধরনের চক্রান্তের অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুর সফরের সময় মেদিনীপুরের ধর্মা বিধায়ক কার্যালয় এবং পরবর্তীতে জেলাশাসকের অফিসে প্রশাসনিক সভায় যাওয়ার পথে বঞ্চিত মহিলাদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি।

বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, সরকারি স্তরে এখনও তৃণমূল কংগ্রেসের বহু লোক বসে রয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে গোলমাল পাকাচ্ছে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের নাম সুবিধাভোগীর তালিকায় যুক্ত করার ফলেই এই অসন্তোষ তৈরি হয়েছে। তিনি বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করে আশ্বাস দেন যে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন। একইসঙ্গে, যাঁরা এখনও আর্থিক সাহায্য পাননি, তাঁদের অবিলম্বে সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, ১৭ অগস্ট থেকে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের নথি যাচাইয়ের পর প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল করা হয় এবং বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য উপভোক্তাকে টাকা পাঠানো হচ্ছে। তবে ২০ অগস্টের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও অনেকে টাকা না পাওয়ায় জেলাগুলিতে এই বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *