তাপসীকে নিয়ে কঙ্গনার নতুন বিতর্ক, কে এই জমিদার কন্যা!
বার্তা ডেস্কঃ
বলিউডে ফের দানা বাঁধছে নতুন বিতর্ক। অভিনেত্রী তাপসী পান্নুর ‘পারিবারিক শিক্ষা’ মন্তব্যের তীব্র জবাব দিতে গিয়ে তাঁর আর্থিক অবস্থা ও বেড়ে ওঠার পরিবেশ নিয়ে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। একই সঙ্গে নিজের পরিবারকে ‘রাজপুত জমিদার বংশ’ বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানান, তাঁদের বিবাদ নিয়ে বহু আলোচনা হলেও কঙ্গনার সঙ্গে তাঁর কখনও সরাসরি দেখা হয়নি। তিনি আরও বলেন, মানুষের মন্তব্য থেকেই তাঁর পারিবারিক শিক্ষা ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়।
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা লেখেন যে, শহরের প্রান্তে ছোট ও ঘিঞ্জি ভাড়াবাড়িতে কঠিন পরিস্থিতির মধ্যে বড় হওয়া কিছু মানুষ প্রায়ই তাঁর পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। কঙ্গনার দাবি, তাঁর বাবা-মা একটি প্রতিষ্ঠিত রাজপুত জমিদার পরিবারের সদস্য এবং অত্যন্ত সম্মানিত। অভিনয়ের দুনিয়ায় নিজের পথ চলা তিনি নিজেই বেছে নিয়েছিলেন, তাই এর সঙ্গে পারিবারিক পরিচয় জড়ানোর কোনো যৌক্তিকতা নেই। ২০১৯ সালে শুরু হওয়া এই দুই তারকার পুরনো সংঘাত এবার ব্যক্তিগত আক্রমণ ও সামাজিক পরিচয়ের বিতর্কে রূপ নিয়েছে।