জগদলা হাই স্কুলে ধুন্ধুমার, শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে!
বার্তা ডেস্কঃ
মালদার বামনগোলা ব্লকের জগদলা হাই স্কুলে এক মহিলা অশিক্ষক কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির স্কুলেরই কয়েকজন ছাত্রছাত্রীর দিকে। সোশ্যাল মিডিয়ায় এই মারপিটের একটি ভিডিও ছড়িয়ে পড়লেও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বিবাদ গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।
ঘটনার সূত্রপাত শুক্রবার, এক প্রাক্তন ছাত্রের স্কুল ছাড়ার শংসাপত্র (টিসি) দেওয়াকে কেন্দ্র করে। আক্রান্ত মহিলার দাবি, নথিতে নামের বানান ভুল থাকায় তিনি টিসি দিতে না চাইলে বচসা শুরু হয়। এরপরই ছাত্রছাত্রীরা স্টাফ রুমে ঢুকে তাঁকে মারধর করে। তাঁর অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (টিআইসি) অমিত হালদারের প্ররোচনাতেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ কাজ করানো, মিড-ডে মিলে দুর্নীতি এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার বিস্ফোরক দাবি তুলে নিরাপত্তা চেয়ে বামনগোলা থানায় লিখিত অভিযোগ জানান ওই কর্মী।
অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টিআইসি অমিত হালদার। তাঁর পালটা দাবি, ওই কর্মী দীর্ঘদিন ধরে কাজে অবহেলা করছেন। শুক্রবার টিসি নিয়ে কথা বলতে গেলে উনি উলটে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড় মারেন। পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পথে আক্রান্ত মহিলার স্বামী ও তিনি মিলে অমিতবাবুকে রাস্তায় ফেলে মারধর করেন বলেও অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্ব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই, তবে ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।