ভাদ্রের শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি, রাজ্যে কি ভারী বৃষ্টির পালা?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে ফের দুর্যোগের মেঘ দেখছে রাজ্যবাসী। বিগত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও জলমগ্ন অবস্থার পর গত কিছুদিন রোদ উঠলেও, আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে ফের উদ্বেগের ছায়া নেমেছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। এর প্রভাবে আগামী সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে হলে কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির দাপট বাড়তে পারে।
শুধু বাংলাই নয়, এই নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওড়িশা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভাদ্রমাসের শুরুতেই এই বরুনার কোপে সাধারণ মানুষের জনজীবন ফের বিপর্যস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা সমগ্র পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন এবং নিম্নচাপের গতিপ্রকৃতি স্পষ্ট হলেই পরবর্তী সতর্কবার্তা জারি করা হবে বলে জানা গেছে।