মাঝনদীতে হুড়মুড়িয়ে ভাঙল আস্ত সেতু, লরি সহ তলিয়ে যাওয়ায় আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে অবশেষে ভেঙে পড়ল কোচবিহারের শীতলকুচি এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতু। রবিবার সকালে একটি ইটবোঝাই লরি সেতু পার হওয়ার সময় মাঝখানের অংশ ভেঙে নদীবক্ষে বসে যায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং লরির চালককে নিরাপদে বের করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটিকে উদ্ধারের ব্যবস্থা করে।
স্থানীয়দের তীব্র অভিযোগ, দীর্ঘকাল ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সেতুটি সারাইয়ের জন্য বহুবার আবেদন জানানো হলেও প্রশাসন কর্ণপাত করেনি। দুর্বল সেতুটির উপর দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই আকস্মিক দুর্ঘটনায় ফক্কোরের হাট-পঞ্চারহাট সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই ঘটনায় প্রশাসনের নজরদারি ও দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন এলাকাবাসী।