ভোটের পরেই নতুন সমীকরণ, কাকলিপুত্র বৈদ্যনাথের পোস্ট ঘিরে তুমুল জল্পনা!
বার্তা ডেস্কঃ
ভোট মিটতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সলতে পাকানো শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এবার তাঁর একটি সোশাল মিডিয়া পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন।
শনিবার সকালে একটি পোস্ট করেন বৈদ্যনাথ, যেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নামের আগে ‘বহুজন’ শব্দটি ব্যবহার করা হয়। একই সঙ্গে দলিত, মুসলিম, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়কে দলীয় কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সব দলীয় পদে নির্দিষ্ট শতাংশ প্রতিনিধিত্বের দাবি জানানো হয়। এই বার্তা সামনে আসতেই প্রশ্ন ওঠে—তবে কি তিনি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের পথে হাঁটছেন?
পোস্টটি ঘিরে জল্পনা তুঙ্গে উঠতেই এনসিপিআই শিবিরে তীব্র অসন্তোষ তৈরি হয় এবং দলীয় স্তরে জরুরি বৈঠকও হয় বলে খবর। বিতর্কের মুখেই পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয়। পুরো বিষয়টি নিয়ে কাকলি ঘোষ দস্তিদার জানান, কথাগুলোর ভুল ব্যাখ্যা করা হচ্ছে; পিছিয়ে পড়া মানুষদের একত্রিত করার বার্তাকে ঘিরে মিছে বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে নির্বাচন-পরবর্তী এই ঘটনার প্রভাব রাজ্য রাজনীতিতে এখনো রয়ে গেছে।