উৎসবের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে গণেশ মূর্তি ভেঙে মৃত ২!
বার্তা ডেস্কঃ
মুম্বই:
গণেশ উৎসবের সূচনার আনন্দ মুহূর্তেই বদলে গেল মর্মান্তিক শোকে। ঐতিহ্যবাহী ‘ভূলেশ্বরাচা রাজা’ গণেশ মূর্তি মণ্ডপে নিয়ে যাওয়ার বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। বিশাল আকারের মূর্তিটি আচমকা ভেঙে পুণ্যার্থীদের ওপর আছড়ে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই ভক্ত। এছাড়া, পাঁচ বছরের এক শিশুকন্যাসহ মোট পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই আকস্মিক বিপর্যয়ে গোটা ভূলেশ্বর এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক ৯টা ৫১ মিনিট নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকার জয় আম্বে চকের কাবুতরখানার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। অত্যন্ত জনপ্রিয় ‘ভূলেশ্বরাচা রাজা’-র আগমন উপলক্ষে রাস্তায় বহু ভক্ত ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। ঠিক সেই আনন্দঘন মুহূর্তেই বিশালাকার মূর্তিটি আচমকা ভেঙে রাস্তার ওপর ভেঙে পড়ে এবং মূর্তির ভারী অংশের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন।
খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকাজে নামে পুলিশ ও প্রশাসন। সিপির (CP) কন্ট্রোল রুম থেকে নির্দেশ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন, মুম্বই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় থানার কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতরা হলেন—সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত জোশি (৩০)। অন্যদিকে, আহতদের মধ্যে পাঁচ ও সাত বছরের দুই নাবালিকাসহ পাঁচজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উৎসবের আবহে এমন অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।