অন্নপূর্ণা যোজনায় ভাতা বৃদ্ধি! মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
August 23, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে লাগাতার বিক্ষোভের মাঝেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষ উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ভবানীপুরেই প্রায় ১৭ হাজার মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন এবং আগামী দিনে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর স্থায়ী ব্যবস্থা করা হবে।
বিক্ষোভ ও রাজনৈতিক সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বঞ্চনার শিকার হওয়া প্রকৃত ও আর্থিকভাবে দুর্বল মানুষরাই এই প্রকল্পের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। একই সঙ্গে বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, রাস্তায় নেমে রিল বানিয়ে বা রাজনৈতিক হাঙ্গামা করে সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের গতি রোধ করা যাবে না।