হাওড়া লাইনে টানা ১০ দিন ট্রেন বাতিল, দুর্ভোগে পড়বেন যাত্রীরা!
বার্তা ডেস্কঃ
হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজের জেরে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত হাওড়া লাইনে দফায় দফায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। এর ফলে আগামী কয়েকদিন দুপুরবেলা নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলবে বেশ কিছু ট্রেন এবং শনিবারেও বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। রেলের এই নির্দেশিকার জেরে চরম বিপাকে পড়তে পারেন প্রতিদিনের নিত্যযাত্রীরা।
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যান্ডেল-কাটোয়া শাখার গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মাঝে গত ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই ট্রাফিক ব্লক চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই ব্লক থাকার কারণে ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকালের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট এই দশ দিন ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। পাশাপাশি, ব্যান্ডেল স্টেশনের ১১ ও ১৮ নম্বর লাইনে কাজের জন্য শনিবার দুপুর ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত দীর্ঘ ব্লক রাখা হয়, যার জেরে কাটোয়া ও হাওড়া শাখার মোট ছয়টি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।