সড়ক মেরামতের সময় মর্মান্তিক দুর্ঘটনা, দুই শ্রমিকের মৃত্যুতে উত্তাল এলাকা!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুর: ১৯ নম্বর জাতীয় সড়কে ফের ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার রাতে রাজবাঁধ এলাকায় জাতীয় সড়ক মেরামতের কাজ করার সময় একটি বেপরোয়া কন্টেনার পিষে দিল কর্তব্যরত ঠিকাকর্মীদের। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বিধান বাউড়ি (৩২) ও কাশীনাথ ভট্টাচার্য (৪৮) নামে দুই কর্মী। নিহত বিধানের বাড়ি কাঁকসার গোপালপুরে এবং কাশীনাথ পূর্ব বর্ধমানের গলসি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আরও তিন কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদের পরিবার ও সহকর্মীরা জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। ক্ষুব্ধ স্বজনদের দাবি, নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। কিন্তু ঠিকাদার সংস্থা মাত্র ১ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিলে উত্তেজনা চরম আকার ধারণ করে। উপযুক্ত ক্ষতিপূরণ ও চাকরির লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত মর্গ থেকে দেহ নিতে অস্বীকার করেছেন নিহতের পরিবারের সদস্যরা।