পুজোর মুখে বড় হামলার ছক, সীমান্তে জঙ্গি ঘাঁটির অস্তিত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি অর্জুনের!
বার্তা ডেস্কঃ
রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় একাধিক জঙ্গিঘাঁটি তৈরি হয়েছে এবং এর নেপথ্যে তৃণমূল কংগ্রেসের একাংশের মদত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য রাজনীতিতে চর্চিত নেতা অর্জুন সিং। রবিবার জগদ্দলের একটি খুঁটিপুজোয় যোগ দিয়ে তিনি দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে পশ্চিমবঙ্গকে একপ্রকার ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ করিডর বানিয়ে তোলা হয়েছে। তাঁর অভিযোগ, খারিজি মাদ্রাসা ও সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে এই চক্রের মাধ্যমে জঙ্গিরা ঘাঁটি গাড়ছে। এমনকি আসন্ন দুর্গাপুজোর সময়ে রাজ্যের একাধিক শীর্ষ বিজেপি নেতার ওপর বড় ধরনের হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে বলেও তিনি সতর্কবার্তা দেন।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলা সফর এবং রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টিকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন অর্জুন সিং। তাঁর মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই দেশের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ করা হচ্ছে। একই সঙ্গে যাদবপুরের একাংশকে ‘দিমাগি নকশাল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের মস্তিষ্ক বিকৃত করে তাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঙ্কার দিয়ে তিনি রাজ্য ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।