ভারী বৃষ্টির তাণ্ডব! কোন জেলাগুলোতে জারি হলো লাল সতর্কতা?
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে লাগাতার নিম্নচাপ তৈরির জেরে ফের দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এর জেরে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি, সোমবার ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই তিন দিন রাজ্যজুড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, সপ্তাহের বাকি দিনগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।