মুম্বইয়ে গণেশ শোভাযাত্রায় ডিম ছোড়া নিয়ে তুমুল সংঘর্ষ, উত্তপ্ত এলাকা!
বার্তা ডেস্কঃ
মুম্বইয়ের মাজগাঁও এলাকায় গণেশ মূর্তি আগমন শোভাযাত্রাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উৎসবের আনন্দমুখর পরিবেশে একটি বহুতল থেকে শোভাযাত্রার ওপর ডিম ছোড়ার অভিযোগ উঠলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্যান্ডেল থেকে মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিটার দূরের একটি বিল্ডিং থেকে এই ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও পুজো কমিটির সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী এবং দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। আয়োজক কমিটির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।