চোখের পলকে ছাই ৩০টি বিলাসবহুল গাড়ি, কলকাতার সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন!

বার্তা ডেস্কঃ

আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কলকাতা। সোমবার ভোররাতে বিমানবন্দর সংলগ্ন যশোড় রোডের বাঁকড়া খাল এলাকায় একটি নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার সার্ভিস সেন্টারে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই লকলকে শিখা গ্রাস করে পুরো চত্বরটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। দীর্ঘ তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ৩০টি বিলাসবহুল চার চাকা গাড়ি। স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছানোর অভিযোগ তুললেও তা উড়িয়ে দিয়েছে প্রশাসন।

এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক শোরগোল শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী সার্ভিস সেন্টারের অগ্নিকাংশ এবং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। দীর্ঘ ১৫ বছরে ওই এলাকায় পর্যাপ্ত ফায়ার সেফটি পরিকাঠামো কেন গড়ে ওঠেনি, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে সার্ভিস সেন্টারের মালিকের খোঁজ চালানো হচ্ছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল, তা জানতে ফরেনসিক পরীক্ষার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *