রাত ১০টায় আচমকা ঘর ছাড়ার নির্দেশ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগরের সার্কিট হাউসে অবস্থানের সময় আচমকা ঘর ছাড়ার নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, গত ১৪ অগস্ট রাতে ‘উপরমহলের নির্দেশ’-এর দোহাই দিয়ে জেলা প্রশাসন তাঁকে সার্কিট হাউস খালি করতে বলে। পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অছিলায় নির্দেশের কথা বলা হলেও আগে থেকে তাঁকে কিছুই জানানো হয়নি। ঘর ছাড়তে অস্বীকার করায় বাইরে বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখালেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে দাবি তাঁর। লোকসভার স্পিকার ওম বিড়লার পর এবার এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদের আইনজীবী। আদালতে মহুয়ার পক্ষে দাবি করা হয়, রাতের অন্ধকারে ঘর ছাড়তে বলার এই ঘটনার সঙ্গে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গভীর বিষয় জড়িয়ে রয়েছে। থানায় সশরীরে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগরে গিয়ে কীভাবে এমন প্রশাসনিক হয়রানির মুখে পড়তে হলো, সে বিষয়ে শীর্ষ আদালতের কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি জানান তিনি। লোকসভা স্পিকারের পর দেশের সর্বোচ্চ আদালতে মহুয়ার এই পদক্ষেপ এখন জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।