অন্নপূর্ণা প্রকল্পে অন্তর্ঘাতের ছায়া, মিলবে কি বর্ধিত সুযোগ?
বার্তা ডেস্কঃ
রাজ্যের বহু জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে তৈরি হওয়া তীব্র বিক্ষোভের নেপথ্যে বড়োসড়ো চক্রান্ত বা অন্তর্ঘাতের ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এটি পরিকল্পিত স্যাবোটাজ। কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনার ত্রুটি বা ফর্ম পূরণে গাফিলতির অভিযোগ উঠলেও, গোটা বিষয়টিকে নিছক প্রশাসনিক সমস্যা হিসেবে দেখতে নারাজ গেরুয়া শিবির।
পাশাপাশি, এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়িয়ে ৫০ লক্ষ করার দাবি জানানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও করা হয়েছে। এই প্রেক্ষাপটে প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে দ্রুত ও সঠিকভাবে প্রকল্পের সমস্ত সুবিধা পান, তার জন্য তালিকা যাচাই বা স্ক্রিনিংয়ের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন রাজ্য নেতারা।