সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ! অতিরিক্ত চালাকিতেই বিপদ, ভুল সিদ্ধান্তে ভেস্তে যেতে পারে কেরিয়ার?
August 24, 2026
বার্তা ডেস্কঃ
গত ২২ অগস্ট সন্ধ্যে ৭:৩৩ মিনিটে বুদ্ধির কারক গ্রহ বুধ নিজ ক্ষেত্র সিংহ রাশিতে প্রবেশ করেছে। সেখানে আগে থেকেই অবস্থান করছে সূর্য ও কেতু। এই তিন গ্রহের একসঙ্গে অবস্থান (ত্রিগ্রহী যোগ) কর্মক্ষেত্র ও ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলতে চলেছে। এই সময় বুদ্ধির জোরে এগোনোর সুযোগ যেমন থাকবে, তেমনই অতিরিক্ত চালাকি বা হঠকারিতা ডেকে আনতে পারে বড় বিপর্যয়।
কারা বেশি ঝুঁকিতে? জ্যোতিষ গণনা অনুযায়ী, এই গ্রহ গোচরের ফলে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের।
আগামী ১৫ দিন ভুলেও যা করবেন না:
- নথিপত্রে না দেখে সই: ব্যবসা, সম্পত্তি বা চাকরির কোনও গুরুত্বপূর্ণ নথির সমস্ত শর্ত না বুঝে সই করবেন না। সামান্য ভুলে বড় আর্থিক ক্ষতি হতে পারে।
- রাগের মাথায় ইমেল বা মেসেজ: কেতু ও সূর্যের প্রভাবে কথায় অহঙ্কার বা রুক্ষতা চলে আসতে পারে। তাই অফিস বা ব্যক্তিগত সম্পর্কে মেজাজ হারিয়ে কথা বা মেসেজ পাঠানো থেকে বিরত থাকুন।
- অহেতুক দেখনদারি ও বিনিয়োগ: সমাজ বা বন্ধুদের কাছে নিজেকে জাহির করার জন্য দামি কেনাকাটা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
- গুজবে কান দেওয়া: ভিত্তিহীন কথা শুনে বা কানভাঙানিয়ে প্ররোচিত হয়ে কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নেবেন না। যে কোনও তথ্যের সত্যতা যাচাই করুন।
- নিজের মত চাপিয়ে দেওয়া: নিজেকেই সবসময় ঠিক মনে করার প্রবণতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্র ও ভালোবাসার সম্পর্কে অন্যের মতামতকে গুরুত্ব দিন।