সনু নিগমের ড্রয়িংরুম থেকে নেটদুনিয়ায় ঝড়, বীরভূমের সুমনের স্বপ্নের উড়ান!

বার্তা ডেস্কঃ

বীরভূমের সিউড়ির নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে সুমন মুখোপাধ্যায়ের মুম্বই জয়ের গল্প যেন যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বাবা পুলক মুখোপাধ্যায় ছিলেন পুলিশ কনস্টেবল। একার সীমিত উপার্জনে বিশেষভাবে সক্ষম বড় ছেলে এবং সুমনকে সামলাতে পরিবারটিকে প্রতিনিয়ত আর্থিক অনটনের সাথে লড়াই করতে হতো। কিন্তু কোনো অভাবই সুমনের সঙ্গীতের প্রতি অদম্য স্বপ্নকে থমকে দিতে পারেনি।

ছেলের এই স্বপ্নকে ডানা মেলতে সাহায্য করেছিলেন তাঁর মা। নিজের সামান্য জমানো টাকা দিয়ে কিনে দিয়েছিলেন একটি হারমোনিয়াম। মাত্র তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই শুরু হয় সুমনের গান শেখার পথচলা।

সিউড়ি রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে স্কুল শেষ করে সুমন পাড়ি দেন কলকাতায়, ভর্তি হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানেই তাঁর সঙ্গীত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে। পড়াশোনার পাশাপাশি একের পর এক প্রতিযোগিতায় জয় লাভ করেন এবং রাজ্যপালের হাত থেকেও সম্মানজনক পুরস্কার অর্জন করেন।

কঠোর পরিশ্রম আর নাছোড়বান্দা মানসিকতাকে সম্বল করে মফঃস্বলের গণ্ডি পেরিয়ে সুমন সোজা পৌঁছে যান মায়ানগরী মুম্বইয়ে, বলিউডের কিংবদন্তি গায়ক সনু নিগমের নিজস্ব আবাসে। সম্প্রতি সনু নিগমের ড্রয়িংরুমে বসে তাঁর সাথে সুর মিলিয়ে গান গাওয়ার একটি ভিডিও নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। মায়ের জমানো টাকায় কেনা প্রথম হারমোনিয়াম থেকে শুরু হওয়া সেই লড়াই আজ সুমনকে এনে দিয়েছে দেশজোড়া পরিচিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *