‘আমি সন্ন্যাসী নই’, হঠাৎ এমন কথা কেন বললেন মমতা?
বার্তা ডেস্কঃ
কলকাতা: বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই রাজনৈতিক ময়দানে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ফেসবুক লাইভে এসে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সভা করার অনুমতি না দেওয়া এবং বিভিন্নভাবে ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি সাফ জানান, তিনি কোনো সন্ন্যাসী নন। রাজনীতির ময়দানে থেকে এই লড়াই শেষ দেখা পর্যন্ত তিনি ছাড়বেন না বলেই হুঙ্কার দিয়েছেন।
বিভিন্ন মিটিং ও মিছিলের ক্ষেত্রে প্রশাসনিক বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, হোটেল ভাড়া নিয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, সন্ন্যাসীরা বড় সাধক হন এবং তাঁরা সকলের শ্রদ্ধাভাজন। কিন্তু বিজেপি তাঁকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দিতে চাইলে তিনি তা হতে দেবেন না। যতদিন না বিরোধীদের রাজনীতির আঙিনা থেকে পর্যুদস্ত করা হচ্ছে, ততদিন এই লড়াই চলবে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বিজেপিকে একহাত নেন তিনি।