অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মমতার চরম ক্ষোভ, যোগ্য-অযোগ্য বাছবে কে?
বার্তা ডেস্কঃ
তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বর্তমান সরকারের চালু করা অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নতুন এই প্রকল্প চালুর পর থেকেই বহু যোগ্য মহিলা ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার এক ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাজ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য, তা নির্ধারণ করার অধিকার কার আছে?
তিনি আরও দাবি করেন, বিধানসভা নির্বাচনের পূর্বে প্রচারের সময় অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে জটিল শর্ত ও ফর্ম পূরণের জালে সাধারণ মহিলাদের বঞ্চিত করা হচ্ছে। সিংহভাগ উপভোক্তাই তাঁদের প্রাপ্য আর্থিক সাহায্য থেকে দূরে রয়েছেন বলে অভিযোগ করে তিনি বর্তমান প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।