চটি ছিঁড়েও মেলেনি ডেথ সার্টিফিকেট! বিধবার অসহায়তায় পাশে দাঁড়ালেন দেব
বার্তা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রাঙামাটি গ্রামের বাসিন্দা রীতা আরি এক চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। গত ১১ মার্চ ২০২৬ তাঁর স্বামী, আলুচাষি রাখাল আরি ঋণের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেন। এর পর থেকেই অসুস্থ শাশুড়ি ও দুই নাবালক সন্তানের দায়িত্ব এবং ঋণের বোঝা রীতার কাঁধে এসে পড়ে। সংসার চালাতে ইতিমধ্যেই তিনি গবাদি পশু বিক্রি করতে বাধ্য হয়েছেন।
কিন্তু তাঁর কষ্টের সীমা এখানেই শেষ নয়। রীতার অভিযোগ, টানা কয়েক মাস সরকারি দপ্তরে চটি ক্ষয় করেও তিনি স্বামীর ডেথ সার্টিফিকেট পাননি। ফলে আটকে রয়েছে বিধবা ভাতা-সহ অন্যান্য সরকারি সুবিধাও।
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সামনে নিজের এই দুর্দশার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন রীতা। ঘটনাটি জানতে পেরে ঘাটালের সাংসদ ও অভিনেতা দেবের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান সুদীপ্তা। জবাবে দেবও কালকের মধ্যে বিষয়টি দেখার কথা জানান।
রীতার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি চাষিদের আলুর ন্যায্য মূল্য না পাওয়ার চরম সংকট নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ্তা। এখন দেখার, সাংসদ দেবের হস্তক্ষেপে রীতার প্রশাসনিক জটিলতা কেটে তিনি সরকারি সুবিধা পান কিনা।