পার্ক স্ট্রিটের ঘটনায় অগ্নিমিত্রাকে তুলোধোনা করলেন মমতা!
বার্তা ডেস্কঃ
পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য বৃদ্ধা মায়ের দুধ গরম করা এবং সেই সংক্রান্ত বিতর্কে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই অসহায় পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। পার্ক স্ট্রিটের ফুটপাথে এক বৃদ্ধা তাঁর নাতির জন্য দুধ গরম করছিলেন। অগ্নিকাণ্ড বা বিপদের আশঙ্কায় বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল তাঁকে তৎক্ষণাৎ বাধা দেন এবং দুধ গরম করা বন্ধ করতে বলেন। তাঁর এই আচরণের পর অনেকেই একজন শিশুর প্রতি মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে অগ্নিমিত্রা পাল জানান, তিনি নিরাপত্তার খাতিরেই সরতে বলেছিলেন, তবে হয়ত তাঁর বিষয়টি আরও বুঝিয়ে বলা উচিত ছিল।
সোমবার একটি লাইভ বার্তায় এই ইস্যুতে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দরিদ্র মানুষকে ঘৃণা করা উচিত নয়। যে মা বাধ্য হয়ে রাস্তায় বাচ্চার দুধ ফোটাচ্ছেন, তাঁর দুধটুকু ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন, মায়ের অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ।”
এর পরপরই তিনি ঘোষণা করেন, ওই পরিবার রাজি থাকলে তিনি তাঁদের থাকার ব্যবস্থা করবেন এবং শিশুটির পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন কেন তিনি সর্বস্তরের মানুষের প্রিয় প্রতিনিধি।