প্রবীণ ও বিধবাদের জন্য সুখবর, ভাতা বেড়ে সরাসরি ২০০০ টাকা!

বার্তা ডেস্কঃ

রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ভাতা বাড়িয়ে মাসে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, নতুন সরকার ক্ষমতায় এসেই এই ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করেছিল। অগস্ট মাস থেকেই উপভোক্তারা সেই বর্ধিত হারে ভাতা পাচ্ছেন। তার এক মাসের মধ্যেই ফের ৫০০ টাকা বাড়িয়ে ভাতা ২,০০০ টাকা করার ঘোষণা এলো।

তবে এই ভাতা বৃদ্ধির সাথে একটি বড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে জমা পড়া সমস্ত ভাতার আবেদনপত্র বাতিল করা হচ্ছে। ফলে পুরোনো সব আবেদনকারীকে পুনরায় নতুন করে আবেদন জানাতে হবে। নবান্ন সূত্রে খবর, আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয় যোগ্যতা অত্যন্ত কড়া ভাবে যাচাই করার পরই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

এই যাচাইকরণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে বলে এখনই ২০০০ টাকা হারে ভাতা মিলবে না। প্রশাসনিক মহলের অনুমান, আগামী আর্থিক বছরের শুরু (এপ্রিল) থেকে যোগ্যতা অর্জনকারী উপভোক্তারা এই বর্ধিত ভাতা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *