পাহাড়ের স্থায়ী সমাধান কি সম্ভব? শমীকের দরবারে বিমল গুরুং!

বার্তা ডেস্কঃ

পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা সমাধানে তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি শিলিগুড়ির সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই আজ সোমবার কলকাতার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। শমীকবাবুর বাসভবনে অনুষ্ঠিত এই একান্ত বৈঠকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সুকনার ত্রিপাক্ষিক বৈঠকের মূল নির্যাস ও প্রস্তাবগুলি রাজ্য সভাপতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন গুরুং। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে একমাত্র ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যে, যেখানে গোর্খা জাতির আত্মসম্মান, রাজনৈতিক অধিকার এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে। অতীতে একাধিকবার অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হলেও পাহাড়বাসী তা আর মেনে নেবে না। ফলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *