ডার্বির পরই ভক্তদের ওপর হামলা! বড় পদক্ষেপ নিল ইস্টবেঙ্গল?
বার্তা ডেস্কঃ
কলকাতা ডার্বির পর কাদাপাড়া এলাকায় সমর্থকদের ওপর বারবার হামলার ঘটনায় এবার সরাসরি কঠোর পদক্ষেপ করল ইস্টবেঙ্গল ক্লাব। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে লাল-হলুদ শিবির। সোমবার ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এই ইস্যুতে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিভিন্ন ছবি ও প্রমাণ জমা দেন। ক্লাব কর্তার সাফ কথা, ডার্বি শেষে সমর্থকদের ওপর এই ধরনের আক্রমণ আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এর বিরুদ্ধে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে।
কেবল আইনি বা প্রশাসনিক পদক্ষেপই নয়, স্টেডিয়ামে যাতায়াতের সময় সমর্থকদের শিষ্টাচার ও ভাষা প্রয়োগ নিয়েও বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। তাঁদের মতে, মাঠের বাইরে বা যাতায়াতের পথে দলীয় সমর্থকদের আক্রমণাত্মক ভাষা ও আচরণ অনেক ক্ষেত্রেই অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেয়, যা পরিবার ও শিশুদের ক্রীড়াঙ্গন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ডার্বির উন্মাদনা বজায় রেখেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শালীনতা বজায় রাখার জন্য সমস্ত ফুটবলপ্রেমী সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।