দিল্লিতে ফের আন্দোলনের হুংকার, কী পরিকল্পনা ‘আরশোলা’দের?
বার্তা ডেস্কঃ
গত মাসে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর এবার দিল্লিতে ফের সরকার-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে ‘আরশোলা’রা। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে ভারত সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি রক্ষা করা হয়নি। জেন জি, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে তারা। আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার এবং গত ২০ জুলাই পুলিশের হাতে নির্যাতিত ব্যক্তিরা এই মিছিলে নেতৃত্ব দেবেন।
এদিকে দেশজুড়ে সরকারি স্কুলের হাল ফেরাতে মাঠে নেমেছে ককরোচ জনতা পার্টি। বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শনে যাচ্ছেন ‘ককরোচ’-প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং ‘ককরোচ’ নেতা আশুতোষ রাঙ্কা-সহ অন্যান্যরা। তবে অনুমতি না নিয়েই স্কুল চত্বরে প্রবেশের অভিযোগে মহারাষ্ট্রের আউসা থানায় ইতিমধ্যেই অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।