গ্রেফতারি পরোয়ানার মুখে মহুয়া মৈত্র, বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট!
বার্তা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ অগস্ট বা পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ অগস্ট ধার্য করা হয়েছে। এ দিন আদালতে পিপি কল্লোল মণ্ডল জানান যে গত ১৮ অগস্ট নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছিল। অন্যদিকে, মহুয়া মৈত্রের আইনজীবী দেবাশিস রায় সওয়াল করেন যে ওই আদালতের নির্দিষ্ট এক্তিয়ার নেই এবং মামলা সংক্রান্ত পুরো প্রক্রিয়াটিকে চ্যালেঞ্জ করেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
গত ১৯ অগস্ট নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রয়েছে নারীদের শ্লীলতাহানি বা মর্যাদাহানির অভিযোগ (৭৯ ধারা), গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়ার অভিযোগ (১৯৬ ধারা), ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ (২৯৯ ধারা), অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ (৩৫১ ধারা) এবং বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত অভিযোগ (৩৫৩(২) ধারা)। অভিযোগ ছিল যে আদালতের তরফে একাধিকবার সমন জারি করা হলেও তিনি হাজিরা দেননি, যার প্রেক্ষিতেই পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে এই পরিস্থিতি তৈরি হয়।