বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪, অবশেষে জালে মাস্টারমাইন্ড!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়ায় বিজেপি কর্মী বাপি প্রামাণিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত, দল থেকে সাসপেন্ড হওয়া বিজেপি নেতা সুজন মণ্ডলসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অন্য তিন সদস্য হলেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া।
স্থানীয় সূত্রে খবর, এলাকার একটি দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ও মারামারি হয়। অভিযোগ, এরপরই রবিবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে এনে বাপির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বাপির পরিবারের দাবি, সুজন মণ্ডলের পরিকল্পনাতেই স্ত্রী-র সামনে তাঁকে নৃশংসবাবে কোপানো হয়েছে।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্তের পর চারজনকে গ্রেফতার করে। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুজো কমিটির বিবাদই একমাত্র কারণ নাকি অন্য কোনো পুরনো শত্রুতা ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, মূল অভিযুক্ত সুজন মণ্ডলের সঙ্গে দলের সাংগঠনিক সম্পর্ক আগেই ছিন্ন করা হয়েছিল।