পাওনা চাইতে গিয়ে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে তোলপাড় করা অভিযোগ!

বার্তা ডেস্কঃ

নির্বাচনে পরাস্ত হয়ে ক্ষমতা হারালেও বিতর্কের পিছু ছাড়ছে না তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর। এবার এক কাঠমিস্ত্রিকে বাড়িতে ডেকে এনে মারধর ও হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনার জেরে ভুক্তভোগী বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী রাজ কাপুর শর্মার দাবি, দেড়-দুই মাস আগে সোহমের ফ্ল্যাটের আসবাব তৈরির চুক্তিতে কাজ শুরু করেন তিনি। ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়ার পর কাজ শেষ হলে বাকি ৮০০০ টাকা দেওয়ার কথা ছিল। কাজ শেষ হওয়ার পর বকেয়া টাকা চাইতে গেলে সোহম তা দিতে অস্বীকার করেন।

এরপর রবিবার সোহমের নিরাপত্তারক্ষীর ফোন পেয়ে সোমবার তাঁর বাড়িতে যান রাজ। অভিযোগ, দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর বকেয়া টাকা চাওয়ায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। শুধু তাই নয়, তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যাপক মারধর এবং ঘাড়ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়া হয়।

এই বিষয়ে সোহম চক্রবর্তীর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিধায়ক থাকাকালীনও সল্টলেকের এক রেস্তোরাঁর কর্মী ও মালিককে মারধরের অভিযোগ উঠেছিল এই অভিনেতার বিরুদ্ধে, যা নিয়ে পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *