তেলেঙ্গানার পাঁচ জায়গায় এনআইএ-র ঝোড়ো তল্লাশি, তোলপাড় সরকারি সাইবার হামলা কাণ্ডে!
বার্তা ডেস্কঃ
আহমেদাবাদের আলোচিত সাইবার সন্ত্রাস মামলার তদন্তে নেমে তেলেঙ্গানার পাঁচটি আলাদা জায়গায় একযোগে তল্লাশি চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সোমবার তেলেঙ্গানার পেড্ডাপল্লী সহ একাধিক সন্দেহভাজন ব্যক্তির ঠিকানায় এই অভিযান চালানো হয়। রাজ্য পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে বেশ কিছু ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি বাজোপ্ত করা হয়েছে। মূলত সরকারি গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওয়েবসাইটে হওয়া সাইবার হামলার নেপথ্যে থাকা বৃহত্তর নেটওয়ার্ক ও সংযোগগুলো খতিয়ে দেখতেই এই তৎপরতা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস হামলা চালানো হয়েছিল। তদন্তে প্রকাশ, ভারতের বিরুদ্ধে সংঘটিত এই সাইবার অপরাধের নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র। অভিযুক্তরা উন্নত হ্যাকিং টুল ও ভিপিএন ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রেখেছিল। বর্তমানে উদ্ধার হওয়া ডিজিটাল প্রমাণের ফরেনসিক বিশ্লেষণ করে এই নাশকতার সঙ্গে যুক্ত বাকি চক্রের সন্ধান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।